সৌদি আরবে ২ লাখ ২১ হাজার কেজি সোনা উত্তোলন

সৌদি আরবে ২ লাখ ২১ হাজার কেজি সোনা উত্তোলন

সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন খনন প্রতিষ্ঠান সৌদি অ্যারাবিয়ান মাইনিং কোম্পানি (মা’আদেন) দেশটির খনিজ খাতে নতুন এক উল্লেখযোগ্য সাফল্যের কথা জানিয়েছে। নতুন করে চারটি খনি এলাকা থেকে মোট ৭৮ লাখ আউন্স সোনার মজুত নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। ওজনের হিসেবে যা প্রায় ২ লাখ ২১ হাজার কেজির সমান (প্রতি কেজিতে ৩৫ আউন্স ধরে হিসাব করা হয়েছে)।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, পরিকল্পিত ড্রিলিং ও খনন কার্যক্রমের মাধ্যমে প্রাথমিকভাবে ৯০ লাখ আউন্সের বেশি স্বর্ণের সন্ধান পাওয়া গিয়েছিল। তবে বার্ষিক হিসাব ও কারিগরি সমন্বয়ের পর নিটভাবে ৭৮ লাখ আউন্স সোনার মজুত নিশ্চিত করা হয়েছে।

মা’আদেন জানিয়েছে, তাদের চারটি প্রধান প্রকল্প— মানসুরাহ মাসসারাহ, উরুক ২০/২১, উম্ম আস সালাম এবং ওয়াদি আল জাও খনি এলাকা থেকেই এই নতুন সোনার মজুত আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে মানসুরাহ মাসসারাহ প্রকল্পে সবচেয়ে বেশি অগ্রগতি দেখা গেছে। গত বছরের তুলনায় শুধু এই প্রকল্প থেকেই অতিরিক্ত ৩০ লাখ আউন্স স্বর্ণের মজুত বৃদ্ধি পেয়েছে।

এছাড়া উরুক ২০/২১ ও উম্ম আস সালাম প্রকল্প মিলিয়ে মোট ১৬ লাখ ৭০ হাজার আউন্স সোনার মজুত পাওয়া গেছে। অন্যদিকে, ওয়াদি আল জাও প্রকল্পে প্রথমবারের মতো ৩০ লাখ ৮০ হাজার আউন্স স্বর্ণের উল্লেখযোগ্য মজুত শনাক্ত হয়েছে, যা প্রতিষ্ঠানটির জন্য একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

এ বিষয়ে মা’আদেনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বব উইল্ট বলেন, এই সাফল্য সৌদি আরবের খনিজ সম্পদ ব্যবহারে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কৌশলের বাস্তব প্রতিফলন। একই সঙ্গে এটি বৈশ্বিক খনি শিল্পে একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে মা’আদেনের অবস্থান আরও শক্তিশালী করছে।

তিনি আরও বলেন, “এই ফলাফল প্রমাণ করে যে আমাদের দীর্ঘমেয়াদি কৌশল মাঠপর্যায়ে কার্যকর হচ্ছে। সে কারণেই আমরা সৌদি আরবের স্বর্ণ ভাণ্ডারে বড় পরিসরে বিনিয়োগ অব্যাহত রেখেছি।”

বব উইল্ট জানান, চারটি খনি এলাকায় খননের মাধ্যমে ৭০ লাখ আউন্সের বেশি সোনার মজুত নিশ্চিত হওয়া মা’আদেনের স্বর্ণ আহরণ প্রকল্পগুলোর বিশাল সম্ভাবনাকেই তুলে ধরে। তিনি বলেন, প্রতিষ্ঠানের সম্পদভাণ্ডার ক্রমেই বড় হচ্ছে এবং এই ধারাবাহিক প্রবৃদ্ধি ভবিষ্যতে নগদ অর্থ প্রবাহ ও সামগ্রিক আর্থিক সক্ষমতা আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *