সাতক্ষীরায় যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলা: কৃষি বিভাগকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

সাতক্ষীরায় যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলা: কৃষি বিভাগকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

সংবাদ সংগ্রহের সময় যমুনা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নকল ও ভেজাল সার সিন্ডিকেটের হোতা হিসেবে অভিযুক্ত কুল্যা ইউনিয়নের ইউপি সদস্য মাজেদ গাজীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় শহরের নিউমার্কেট চত্বরে এই কর্মসূচি পালন করেন জেলার সাংবাদিকরা।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ জেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকরা। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, আশাশুনি উপজেলার বুধহাটা ও কুল্যা এলাকায় অবৈধভাবে ২৬টির বেশি ভেজাল ও নকল সারের গোডাউন গড়ে তুলেছেন ইউপি সদস্য মাজেদ গাজী। তার স্ত্রী ও দুই পুত্রের নামে বিএডিসি ও বিসিআইসির পাঁচটি লাইসেন্স ব্যবহার করে একটি শক্তিশালী সিন্ডিকেট পরিচালনা করা হচ্ছে। এই নকল সার নিয়ে অনুসন্ধান চালাতে গিয়ে যমুনা টিভির সাংবাদিক আকরামুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালানো হয় এবং তার ক্যামেরা ও মাইক্রোফোন ভাঙচুর করা হয়।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, জেলায় শুধু ভেজাল সার সরবরাহই নয়, সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে। কৃষি বিভাগের একটি অংশ এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত বলেও অভিযোগ তোলা হয়। ১৫ জানুয়ারি হামলার ঘটনা ঘটলেও এখনো অভিযুক্তদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তারা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারী মাজেদ গাজী ও তার সহযোগীদের গ্রেপ্তার এবং নকল সার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেওয়া হলে জেলার সব সাংবাদিককে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঘেরাও কর্মসূচিও দেওয়া হবে বলে ঘোষণা দেন তারা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *