শেরপুরের নকলায় সরকারি বাফার গুদামে নেওয়ার পরিবর্তে অবৈধভাবে ডিলারের গুদামে মজুতের চেষ্টা করার সময় ৪৯ টন ইউরিয়া সারসহ দুটি ট্রাক জব্দ করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় জনতা ও গণমাধ্যমকর্মীরা ট্রাক দুটি আটক করে প্রশাসনকে খবর দিলে কৃষি বিভাগ ও পুলিশ এসে সেগুলো জব্দ করে।
পুলিশ ও কৃষি অফিস সূত্র জানায়, আশুগঞ্জ সার কারখানা থেকে ৯৫০ বস্তায় ৪৯ টন ইউরিয়া সার ঝিনাইগাতীর সরকারি বাফার গুদামে যাওয়ার কথা ছিল। তবে অভিযোগ রয়েছে, বাফার গুদামের এক অসাধু কর্মকর্তার যোগসাজশে সারগুলো নকলা উপজেলার ডিলার মেসার্স সৃজন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কৃষ্ণ কান্তি রায় এবং মেসার্স শহিদুল ইসলামের স্বত্বাধিকারী শহিদুল ইসলামের গুদামে মজুত করা হচ্ছিল। এ সময় বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ট্রাকসহ সার আটক করে উপজেলা প্রশাসনকে অবহিত করেন। পরে উপজেলা কৃষি কর্মকর্তা সন্ধ্যায় পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে ট্রাক দুটি থানায় নিয়ে যান।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াহিদ খান জানান, সংশ্লিষ্ট দুই ডিলারকে শোকজ করা হয়েছে এবং বাফার গুদামের কর্মকর্তাদেরও ডেকে পাঠানো হয়েছে।
নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, সারের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অবৈধ মজুতের মতো কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না। কৃষকদের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

