ঢাকার বাইরে নিরিবিলি লোকেশনে চলছে ‘মালিক’ সিনেমার শুটিং। সেখানে অ্যাকশন দৃশ্যে অংশ নিতে গিয়ে আহত হয়েছেন ঢালিউডের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। শুটিং ইউনিটের সূত্র জানায়, পরিকল্পনা অনুযায়ী নিয়ন্ত্রিত আগুন শুধু শুভর শরীরের নিচের অংশে স্পর্শ করার কথা ছিল। কিন্তু ক্যামেরা চালু হতেই আগুন হঠাৎ নিয়ন্ত্রণ হারায় এবং কয়েক সেকেন্ডের মধ্যেই শুভর পায়ে আগুন লেগে যায়।
প্রথমে নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন তিনি, কিন্তু তীব্র তাপে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান। সঙ্গে সঙ্গে ইউনিটের সদস্যরা ছুটে এসে আগুন নেভান। যদিও আগুন দ্রুত নিভে যায়, তবে শুভর পায়ে দগ্ধ হওয়ার দাগ পড়ে। পরিচালক শুটিং বন্ধ করার সিদ্ধান্ত নিলেও শুভ তা মানেননি; প্রাথমিক চিকিৎসা নিয়েই তিনি দৃশ্যের কাজ শেষ করেন।
সূত্র বলছে, আহত হয়েও তিনি নিয়মিত শুটিং চালিয়ে যাচ্ছেন। ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে এগোচ্ছে ‘মালিক’-এর প্রস্তুতি। ছবিটিতে শুভর বিপরীতে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ।

