যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের কাছে নতুন করে কোনো চিঠি আসেনি বলে জানিয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, সরকার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
বাণিজ্যমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ট্যারিফ চুক্তি হয়েছে, তা বাস্তবায়নের ক্ষেত্রে বেশ কিছু প্রক্রিয়া রয়েছে। ট্যারিফ ইস্যুটি বর্তমানে বিকাশমান এবং যে প্রেক্ষাপটে চুক্তি হয়েছিল, আদালতের রায়ে সেখানে নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফ নিয়ে একটি নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট (এনডিএ) রয়েছে এবং এটি একটি সংবেদনশীল বিষয়। আগে দেশভিত্তিক ১৯ শতাংশ ট্যারিফ আরোপ ছিল, বর্তমানে তা কমিয়ে সব দেশের জন্য ১০ শতাংশ করা হয়েছে।
দেশের বাজার পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার আমদানির মাধ্যমে কিছু পণ্যের বাজার নিয়ন্ত্রণ করছে এবং সেসব পণ্যের দাম এখন নিয়ন্ত্রণে রয়েছে। রোজার শুরুতে লেবুর দাম অস্বাভাবিক হলেও তিন দিনের মধ্যে তা কমে এসেছে।
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ট্রাক সেল ঘিরে সাম্প্রতিক ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। সংশ্লিষ্টদের আরও সতর্ক থাকতে হবে, যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতি না ঘটে।
এছাড়া চাঁদাবাজি বন্ধের বিষয়ে শুধু আশ্বাস নয়, কার্যকর পদক্ষেপ নিয়ে তা প্রমাণ করা হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

