তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন: দেশের তাপমাত্রা নামল ৬.৭ ডিগ্রিতে, মৌসুমের সর্বনিম্ন
প্রচণ্ড শীতে জবুথবু হয়ে পড়েছে দেশের জনজীবন। অব্যাহত শৈত্যপ্রবাহের মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৬.৭ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি শীত মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন রেকর্ড।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উত্তরবঙ্গের নওগাঁ জেলার বদলগাছীতে মঙ্গলবার এই তাপমাত্রা রেকর্ড করা হয়। একই সঙ্গে রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগসহ দেশের প্রায় ৪১টি জেলায় আজ তীব্র শীত বিরাজ করছে।
উত্তরবঙ্গের একাধিক জেলার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন ধরেই প্রচণ্ড ঠাণ্ডায় কাঁপছে জনজীবন। তবে মঙ্গলবার থেকে শীতের প্রকোপ আরও বেড়েছে। বেলা বাড়লেও শীতের তীব্রতা না কমায় প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ।
যারা বাইরে বের হচ্ছেন, তাদের পড়তে হচ্ছে হিমেল বাতাসের তীব্র ভোগান্তিতে। সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন খেটে খাওয়া মানুষ। পাশাপাশি বয়স্ক ও শিশুরা শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি।
এদিকে, রাজধানী ঢাকায় আজকের তাপমাত্রা আগের দিনের তুলনায় প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। অনেক এলাকায় কুয়াশা না থাকলেও শীতের তীব্রতা স্পষ্টভাবে অনুভূত হচ্ছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আকাশ পরিষ্কার থাকায় রাতের তাপ বিকিরণ বেশি হচ্ছে, ফলে তাপমাত্রা দ্রুত কমে যাচ্ছে। শৈত্যপ্রবাহ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তারা।
