মোশাররফ করিম ও রাজকে নিয়ে তমার নতুন অধ্যায়

মোশাররফ করিম ও রাজকে নিয়ে তমার নতুন অধ্যায়

অভিনেত্রী তমা মির্জার ক্যারিয়ারে এখন বইছে নতুন সম্ভাবনার হাওয়া। সাম্প্রতিক সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন বছরে বড় পর্দায় ভিন্ন স্বাদের দুটি গল্পে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন ‘দাগি’ খ্যাত এই অভিনেত্রী। শোনা যাচ্ছে, একটি সিনেমায় তার সহশিল্পী হিসেবে থাকছেন জনপ্রিয় ও শক্তিমান অভিনেতা মোশাররফ করিম। অন্যদিকে, আরেকটি চলচ্চিত্রে প্রথমবারের মতো জুটি বাঁধতে চলেছেন আলোচিত অভিনেতা শরিফুল রাজের সঙ্গে। ভিন্ন ভিন্ন গল্প ও চরিত্রে নিজেকে নতুনভাবে উপস্থাপনের এই সুযোগ নিয়ে বেশ আশাবাদী তমা।

নির্মাতা গোলাম সোহরাব দোদুল ও হাসান মোরশেদের পরিচালনায় এই দুই সিনেমার শুটিংয়ের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। এখন কেবল অপেক্ষা ক্যামেরা চালু হওয়ার। গল্পের গাঁথুনি ও চরিত্রের গভীরতা নিয়ে তমা মির্জা ভীষণ উচ্ছ্বসিত হলেও আনুষ্ঠানিক ঘোষণার আগে বিস্তারিত কিছু জানাতে নারাজ তিনি। খুব শিগগিরই ‘জলযুদ্ধ’সহ নাম চূড়ান্ত না হওয়া অন্য সিনেমাটির শুটিং ফ্লোরে দেখা যাবে এই অভিনেত্রীকে।

এদিকে, ওপার বাংলার গুণী নির্মাতা অঞ্জন দত্তের পরিচালনায় ‘দুই বন্ধু’ সিরিজে কাজ করাটাও তমা মির্জার অভিনয়জীবনের জন্য ছিল এক বিশেষ অভিজ্ঞতা। মুক্তির অপেক্ষায় থাকা এই সিরিজটি নিয়ে দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে বেশ কৌতূহল। কলকাতায় কাটানো নয় দিনের শুটিং অভিজ্ঞতা তার স্মৃতির ভাণ্ডারে আলাদা জায়গা করে নিয়েছে বলেই মনে করেন তমা।

পর্দার বাইরে তমা মির্জা একজন সাধারণ, ঘরোয়া মানুষ। বই পড়া, সিনেমা দেখা, রান্না করা কিংবা নিভৃত সময় কাটানোর মধ্যেই তিনি খুঁজে পান মানসিক প্রশান্তি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী নিজেকে প্রতিনিয়ত নতুনভাবে ভাঙছেন ও গড়ছেন। ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’র মতো ছবির সাফল্যের পর নতুন বছরেও তিনি দর্শকের সামনে হাজির হতে চান ভিন্ন রূপে, প্রথাগত ছকের বাইরে গিয়ে নতুন কিছু উপহার দেওয়ার প্রত্যয়ে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *