মুন্সিগঞ্জে ফেসবুক মন্তব্যকে ঘিরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে ধাওয়া

মুন্সিগঞ্জে ফেসবুক মন্তব্যকে ঘিরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে ধাওয়া

মুন্সিগঞ্জ শহরে ফেসবুকে আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে প্রকাশ্যে অস্ত্র নিয়ে ধাওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শহরের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি হরগঙ্গা কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব রোকনদ্দৌলা রাফসানের সঙ্গে রাব্বি নামের এক যুবকের সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য নিয়ে বিরোধ চলছিল। রাব্বির করা মন্তব্যের বিষয়ে জানতে চাইলে দু’পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

পরে উভয় পক্ষের লোকজন ঘটনাস্থলে জড়ো হলে রাফসানপক্ষের রাজা নামের এক ব্যক্তিকে অস্ত্র হাতে ধাওয়া করতে দেখা যায় বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা।

রাব্বি পক্ষের সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, “আমি জুলাই শহীদ সজলের ভাই। ফেসবুক মন্তব্যের জেরে ছাত্রদল নেতা রাফসান আমার আত্মীয় রাব্বিকে মারধর করে এবং দোকান বন্ধের হুমকি দেয়। ইসলামপুর এলাকার বাসিন্দা রাজা অস্ত্র নিয়ে ধাওয়া দিয়েছে।” এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

অন্যদিকে রোকনদ্দৌলা রাফসান দাবি করেন, এক ব্যক্তি তার ফেসবুক পোস্টে ধারাবাহিকভাবে আপত্তিকর মন্তব্য করছিলেন। তাকে সংযত হতে বললে উল্টো গালিগালাজ করা হয়। পরে সাইফুল ও তার আরেক আত্মীয় জুনাইয়েদ ফোন করে হুমকি দেন বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। দ্রুত অস্ত্র উদ্ধার ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *