মুন্সিগঞ্জে ফেসবুক মন্তব্যকে ঘিরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে ধাওয়া

মুন্সিগঞ্জে ফেসবুক মন্তব্যকে ঘিরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে ধাওয়া

মুন্সিগঞ্জ শহরে ফেসবুকে আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে প্রকাশ্যে অস্ত্র নিয়ে ধাওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শহরের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যকে ঘিরে সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের সদস্য সচিব রোকনদ্দৌলা রাফসানের সঙ্গে রাব্বি নামে এক যুবকের বিরোধ তৈরি হয়। এ নিয়ে কথা বলতে গেলে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

পরে দুই পক্ষের সমর্থকরা ঘটনাস্থলে জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় রাফসানপক্ষের রাজা নামে এক ব্যক্তিকে অস্ত্র হাতে ধাওয়া করতে দেখা যায় বলে অভিযোগ।

রাব্বিপক্ষের সাইফুল ইসলাম দাবি করেন, “আমি জুলাই শহীদ সজলের ভাই। ফেসবুক মন্তব্যের জেরে ছাত্রদল নেতা রাফসান আমার আত্মীয় রাব্বিকে মারধর করে এবং দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। ইসলামপুর এলাকার রাজা নামে এক ব্যক্তি অস্ত্র নিয়ে ধাওয়া করেছেন।” তিনি জানান, এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

অন্যদিকে রোকনদ্দৌলা রাফসান বলেন, তার ফেসবুক পোস্টে এক যুবক ধারাবাহিকভাবে আপত্তিকর মন্তব্য করছিল। তাকে সংযত হওয়ার অনুরোধ করলে উল্টো গালাগাল করা হয়। পরে ওই যুবক জুলাই শহীদ সজলের ভাই সাইফুল ও তার আরেক আত্মীয় জুনাইয়েদের মাধ্যমে তাকে ফোনে হুমকি দেওয়া হয় বলে দাবি করেন তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে বলে তারা জেনেছেন। অস্ত্র উদ্ধারের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *