টেকনাফে নাফ নদীতে আরাকান আর্মির মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মো. হানিফ (২৮) নামে এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
সোমবার (১২ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল সংলগ্ন নাফ নদীতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আহত হানিফ ওই এলাকার বাসিন্দা ফজল করিমের ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি নাফ নদীতে একটি মাছের প্রজেক্টে কাজ করছিলেন। এ সময় নদীর তীরে মাটিতে পুঁতে রাখা একটি মাইনের ওপর পা পড়তেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হানিফকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র বলেন, নাফ নদীতে মাছের প্রজেক্টে কাজ করার সময় এক যুবকের পা বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয়দের কাছ থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এদিকে স্থানীয় বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করে জানান, নাফ নদী ও আশপাশের সীমান্তবর্তী এলাকায় আরও মাইন পুঁতে রাখা থাকতে পারে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। তারা দ্রুত এসব এলাকায় নিরাপত্তা জোরদার, মাইন শনাক্তকরণ ও সাধারণ মানুষকে সতর্ক করার দাবি জানান।
উল্লেখ্য, এর একদিন আগে রোববার (১১ জানুয়ারি) টেকনাফ সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে আসা গুলিতে শিশুসহ দুই বাংলাদেশি আহত হন। এর মধ্যে গুলিবিদ্ধ শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এর আগেও নাইক্ষ্যংছড়ি ও ঘুমধুমসহ বিভিন্ন সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল বাংলাদেশের ভেতরে পড়ার ঘটনা ঘটেছে, যা সীমান্ত পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে।

