কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন শেষ হয়েছে। আদালত জানিয়েছে, এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে আগামী ৮ ডিসেম্বর।
মঙ্গলবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে প্রসিকিউটর মিজানুল ইসলাম এ বক্তব্য উপস্থাপন করেন। সূচনা বক্তব্যে কুষ্টিয়ার ছয়জনকে হত্যার ঘটনায় আসামিদের নির্দেশদাতার ভূমিকার পটভূমি তুলে ধরেন তিনি। মামলাটিতে মোট সাক্ষী রয়েছেন ৩৮ জন। চলতি বছরের ২ নভেম্বর হানিফসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল-২।
হানিফের সঙ্গে আসামির তালিকায় রয়েছেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।
এদিকে, ট্রাইব্যুনাল-১–এ রামপুরায় কর্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করে হত্যা এবং আরও দুইজনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলারও সাক্ষ্যগ্রহণ আজ অনুষ্ঠিত হবে।

