ভারতের ছোটপর্দার অভিনেত্রী সায়ন্তনী মল্লিক ও তার স্বামী ইন্দ্রনীল মল্লিক দু’জনেই পথশিশু প্রাণীর প্রতি অত্যন্ত অনুরাগী। রাস্তার কুকুরদের নিয়মিত খাবার খাওয়ানো ও যত্ন নেওয়া তাদের অভ্যাস। তবে সেই কাজ করতেই যে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তা ভাবেননি কেউই। শুক্রবার রাতে কলকাতার কসবার রাজডাঙায় পথকুকুরদের খাবার দিতে গিয়ে ঘটে বিপত্তি।
সায়ন্তনী অভিযোগ করে জানান, স্থানীয় কয়েকজন বাসিন্দা তাদের ওপর হামলা চালিয়েছেন। তিনি বলেন, “আমার দ্বিতীয়বার স্ট্রোক হতে পারত। আমাদের সঙ্গে ধাক্কাধাক্কি, হাতাহাতি করা হয়েছে। ওদের দাবি, এলাকায় কুকুরদের খাওয়ানো যাবে না—কারণ নাকি কোনো একসময় একটি কুকুর কাউকে কামড়ে দিয়েছিল। সেই অজুহাতে আমাদের বাধা দিতে গায়ে হাত তোলা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
অভিনেত্রীর ভাষ্য, তার স্বামী ইন্দ্রনীলও গুরুতরভাবে আঘাত পেয়েছেন। ঘটনাস্থল থেকে তারা রাতেই বাঙুর হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। পরে কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগের পরও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে হতাশা প্রকাশ করেন তারা।
ঘটনার পরপরই দম্পতি পুরো ঘটনার বিবরণ লাইভ ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। পাশাপাশি কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি নজরে নেওয়ার অনুরোধ জানান।
উল্লেখ্য, সায়ন্তনী ‘অনুরাগের ছোঁয়া’সহ বেশ কয়েকটি জনপ্রিয় বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন। সম্প্রতি তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলেও সুস্থ হয়ে ফের কাজে ফিরেছেন।

