ভেনেজুয়েলার প্রেসিডেনশিয়াল অনার গার্ডের জেনারেল ইন কমান্ডার জাভিয়ের মার্কানো তাবাতাকে বরখাস্ত করেছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। দায়িত্বে অবহেলা ও ব্যর্থতার অভিযোগে রদ্রিগেজের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে অপসারণের নির্দেশ দেওয়া হয়। প্রেসিডেনশিয়াল অনার গার্ড ভেনেজুয়েলার প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত একটি বিশেষ সামরিক বাহিনী, যেখান থেকে রাষ্ট্রপ্রধানের দেহরক্ষীরাও সরবরাহ করা হয়ে থাকে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রদ্রিগেজ যদি যুক্তরাষ্ট্রের দাবিগুলো—বিশেষ করে তেল সংক্রান্ত দাবিতে—সাড়া না দেন, তাহলে তাকে নিকোলাস মাদুরোর চেয়েও কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে। মঙ্গলবার ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা থেকে ৫০ মিলিয়ন ব্যারেল তেল নিতে পারে। তবে এ বিষয়ে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার এখনও কোনো মন্তব্য করেনি।
ডেলসি রদ্রিগেজের অবস্থান কখনও প্রতিবাদী, আবার কখনও সমঝোতাপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তিনি মাদুরোর অপহরণকে ‘অপরাধমূলক’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের অভিযানের নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তার সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার প্রস্তাবও দিয়েছে। এ পরিস্থিতিতে ভেনেজুয়েলার জনগণ ও আন্তর্জাতিক মহল গভীরভাবে পর্যবেক্ষণ করছে, দেশ পরিচালনায় রদ্রিগেজ কোন পথে এগোবেন এবং তার সরকারের ভেতরে কোনো বিভাজন তৈরি হয় কিনা।
এরই মধ্যে ডেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। জাতীয় পরিষদের বার্ষিক অধিবেশনে শপথ নিয়ে তিনি বলেন, দেশের ওপর অবৈধ সামরিক আগ্রাসনের কারণে ভেনেজুয়েলার জনগণ যে দুর্ভোগ পোহাতে হয়েছে, সেই কষ্ট অনুভব করেই তিনি দায়িত্ব গ্রহণ করছেন।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি আদালতে মাদক ও অস্ত্র চোরাচালানের মামলায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস নিজেদের নির্দোষ দাবি করেছেন। সোমবার স্থানীয় সময় রাত ৮টার দিকে ম্যানহাটনের আদালতে হাজির হয়ে মাদুরো বলেন, তিনি নির্দোষ, একজন সৎ মানুষ এবং এখনও ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট।
সূত্র: আলজাজিরা

