‘ভূমিধস বিজয়’ কী? বাংলাদেশে এর ব্যবহার শুরুই বা কবে?

‘ভূমিধস বিজয়’ কী? বাংলাদেশে এর ব্যবহার শুরুই বা কবে?

সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে ১৩তম সংসদে একটি দল আসনের হিসাবে ‘ডাবল সেঞ্চুরি’ পেরিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অর্ধশতাধিক দল মিলিয়েও যেখানে তার অর্ধেক আসন ছুঁতে পারেনি, সেখানে এই বিশাল ব্যবধানে জয়কে রাজনৈতিক পরিভাষায় বলা হয় ‘ভূমিধস বিজয়’। তবে প্রশ্ন হলো— রাজনীতির সাফল্যের সঙ্গে ‘ভূমিধস’-এর সম্পর্ক কী?

আক্ষরিক অর্থে ‘ভূমিধস’ মানে পাহাড় বা উঁচু স্থান থেকে বিশাল মাটির স্তূপ ধসে পড়া। ইংরেজি ‘landslide’ শব্দের সরাসরি বাংলা রূপ এটি। রূপক অর্থে, পাহাড়ি ঢাল বেয়ে নেমে আসা মাটির স্রোতের সামনে যেমন কিছুই টিকে থাকতে পারে না, তেমনি নির্বাচনে বিপুল জনসমর্থনের ঢেউ প্রতিপক্ষকে সম্পূর্ণভাবে ছাপিয়ে গেলে সেই জয়কে বলা হয় ‘ভূমিধস বিজয়’। অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতার ব্যবধান এতটাই বড় হয় যে ফলাফল নিয়ে আর কোনো সংশয় থাকে না।

তবে ‘ল্যান্ডস্লাইড ভিক্টরি’র নির্দিষ্ট কোনো পরিমাপ নেই। কত আসন বা কত শতাংশ ভোটের ব্যবধানে জিতলে এ বিশেষণ প্রযোজ্য হবে— তার সুনির্দিষ্ট মানদণ্ড নেই। রাজনৈতিক বিশ্লেষক, গণমাধ্যম বা পর্যবেক্ষকেরা সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনায় যখন কোনো জয়কে অস্বাভাবিকভাবে বড় বলে মনে করেন, তখনই এ শব্দ ব্যবহার করেন।

ঊনবিংশ শতকের শেষভাগে শব্দটির ব্যাপক ব্যবহার দেখা যায়। ১৮৮৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে Grover Cleveland-এর বড় ব্যবধানে জয়কে সংবাদমাধ্যম ‘landslide’ বলে উল্লেখ করে। এর আগেও ১৮৪০ সালের নির্বাচনে William Henry Harrison-এর বিজয় বর্ণনায় উপমাটি ব্যবহৃত হয়েছিল। পরে আমেরিকান ইংরেজি থেকে ব্রিটিশ ইংরেজিতে এবং সেখান থেকে উপমহাদেশে ছড়িয়ে পড়ে শব্দটি।

বাংলাদেশে ‘ভূমিধস বিজয়’ শব্দটির পরিচিতি বাড়ে পাকিস্তান আমলের শেষদিকে। ১৯৭০ সালের পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে পূর্ব পাকিস্তানে একটি দল ১৬৯টির মধ্যে ১৬৭টি আসনে জয় পেলে আন্তর্জাতিক গণমাধ্যম সেটিকে ‘ল্যান্ডস্লাইড ভিক্টরি’ বলে আখ্যা দেয়।

এর আগে ১৯৫৪ সালের পূর্ব বাংলা প্রাদেশিক আইনসভা নির্বাচন কিংবা ১৯৪৬ সালের অবিভক্ত বঙ্গীয় আইনসভা নির্বাচনে বড় জয় থাকলেও ‘ভূমিধস’ শব্দটির ব্যবহার তেমন দেখা যায় না। স্বাধীনতার পর ১৯৭৫ থেকে ১৯৯০ পর্যন্ত রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার প্রশ্নটি আলোচনায় কম ছিল।

১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সরকারি দল ১৪১ আসন পেলেও ব্যবধান ছিল ৫৩। ১৯৯৬ সালের সপ্তম সংসদে ব্যবধান আরও কমে। মূলত ২০০১ সালের নির্বাচনে এককভাবে ১৯৩ আসন পাওয়ার পর ‘ভূমিধস জয়’ শব্দটির ব্যাপক ব্যবহার শুরু হয়। ২০০৮ সালের নির্বাচনেও বিরোধী দলের তুলনায় প্রায় ২০০ আসনের ব্যবধান তৈরি হয়।

সাম্প্রতিক নির্বাচনেও জয়ী দল বিরোধীদের তুলনায় ১৪১টি বেশি আসন পেয়েছে, যা আরও বাড়তে পারে। এই বিশাল ব্যবধানের প্রেক্ষাপটে একে ‘ভূমিধস বিজয়’ বলা রাজনৈতিক অভিধানে যথার্থ বলেই বিবেচিত হচ্ছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *