ভারত সরকার নতুন সব স্মার্টফোনে বাধ্যতামূলকভাবে সরকারি সাইবার সুরক্ষা অ্যাপ ইনস্টল করার নির্দেশ দিয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এটি অনলাইন প্রতারণা, সাইবার অপরাধ এবং নকল মোবাইল ডিভাইস ব্যবহারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ। মঙ্গলবার (২ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য প্রকাশ করেছে।
নির্দেশনাটি সরাসরি স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলোর কাছে পাঠানো হয়েছে এবং ৯০ দিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। সরকার বলছে, ফোনের বৈধতা যাচাই এবং টেলিকম প্রতারণা রোধে এই অ্যাপটি প্রয়োজন।
সরকারি অ্যাপটির নাম ‘সঞ্চার সাথী’। এটি ব্যবহারকারীদের জন্য একাধিক সুবিধা প্রদান করবে—ফোনের আইএমইআই যাচাই, হারানো বা চুরি হওয়া ফোন রিপোর্ট করা এবং প্রতারণামূলক কল ও মেসেজ শনাক্ত করা সম্ভব হবে। ভারত বর্তমানে ১২০ কোটির বেশি মোবাইল ব্যবহারকারীর দেশ হিসেবে বিশ্বের অন্যতম বড় স্মার্টফোন বাজার। তাই অ্যাপটি ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।
ভারতের টেলিকম বিভাগ জানায়, নকল আইএমইআই ব্যবহার করা ডিভাইস সাইবার নিরাপত্তার জন্য বড় হুমকি সৃষ্টি করছে। এছাড়া চুরি বা কালো তালিকাভুক্ত ফোন পুনর্বিক্রি হওয়া বিষয়েও উদ্বেগ রয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, ফোন সেটআপের সময় থেকেই অ্যাপটি স্পষ্টভাবে দেখা যাবে এবং ব্যবহার করা যাবে। ব্যবহারকারী এটি বন্ধ করতে পারবেন না। সব কোম্পানিকে ১২০ দিনের মধ্যে নির্দেশনা অনুসরণের রিপোর্ট জমা দিতে হবে।
সরকারের তথ্য অনুযায়ী, ‘সঞ্চার সাথী’ অ্যাপের মাধ্যমে ইতিমধ্যেই ৭ লাখের বেশি হারানো ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে। গুগল প্লে স্টোরে উল্লেখ করা হয়েছে, অ্যাপটি কোনো ব্যবহারকারীর ডেটা সংগ্রহ বা শেয়ার করে না। তবে বিশেষজ্ঞরা অ্যাপের কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে এখনও কিছু প্রশ্ন উত্থাপন করেছেন।
প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, নির্দেশনা বাস্তবায়ন চ্যালেঞ্জিং হবে। বিশেষ করে অ্যাপল জাতীয় কোম্পানি সাধারণত সরকারি বা তৃতীয় পক্ষের অ্যাপ প্রি-ইনস্টল করতে দেয় না। রয়টার্স জানিয়েছে, অ্যাপল ইতিমধ্যেই এই নির্দেশনায় অনীহা প্রকাশ করেছে। রাশিয়া সহ আরও কয়েকটি দেশেও ফোনে সরকারি অ্যাপ বাধ্যতামূলক করার নীতি চালু রয়েছে।

