কোনোমতে হার এড়াল বায়ার্ন
জার্মান বুন্দেসলিগায় অপ্রত্যাশিতভাবে পয়েন্ট হারাতে হয়েছে বায়ার্ন মিউনিখকে। লিগের তলানির দল মেইনজ জিরো ফাইভের বিপক্ষে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।
রোববার (১৪ ডিসেম্বর) নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় মেইনজকে আতিথ্য দেয় বায়ার্ন। ম্যাচের শুরুতে দাপুটে খেললেও জয় নিশ্চিত করতে পারেনি স্বাগতিকরা।
ম্যাচের ২৯ মিনিটে লেনার্ট কার্লের দুর্দান্ত ফিনিশিংয়ে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। এই গোলের মাধ্যমে চলতি মৌসুমে ১৪ ম্যাচে বুন্দেসলিগার ইতিহাসে দ্রুততম ৫০ গোলের মাইলফলক স্পর্শ করে বাভারিয়ানরা।
তবে প্রথমার্ধের যোগ করা সময়ে পতুলস্কির গোলে সমতা ফেরায় মেইনজ। ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের ২২তম মিনিটে স্বাগতিকদের চমকে দিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মেইনজ, যারা চলতি মৌসুমে এখন পর্যন্ত মাত্র একটি জয় পেয়েছে। ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে বায়ার্নকে হারের হাত থেকে রক্ষা করেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন।
১৪ ম্যাচ শেষে ৩৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে বায়ার্ন মিউনিখ। দ্বিতীয় স্থানে থাকা লাইপজিগের চেয়ে তাদের পয়েন্ট ব্যবধান এখন ৯।

