কয়েকটি দল ও সংগঠন ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাকে নিন্দা জানিয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এই নিন্দা প্রকাশ করা হয়।
নিন্দা জানানো সংগঠনগুলোর মধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় যুবশক্তি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের দাবি জানানো, মত প্রকাশ করা এবং সভা-সমাবেশ করার সাংবিধানিক অধিকার রয়েছে। কিছুদিন ধরেই ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছিয়ে ‘যৌক্তিক সময়ে’ নেওয়ার দাবিতে আন্দোলন করছে পরীক্ষার্থীরা। তাদের দাবি ও উদ্বেগ পিএসসির বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। এর সমাধান কেবল আলোচনা ও সমঝোতার মাধ্যমে সম্ভব। তবে পরীক্ষার্থীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ করা মোটেই গ্রহণযোগ্য নয়। লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী এবং এটি রাষ্ট্রের সহনশীলতা ও জবাবদিহিতার অভাবকে প্রদর্শন করে।
মঙ্গলবার বিকেলে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটে। পুলিশের লাঠিচার্জ, জলকামান ও টিয়ারশেল নিক্ষেপে কয়েকজন শিক্ষার্থী আহত হন।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, আগের বিসিএসে অংশ নেওয়া পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষার জন্য ৬ মাস থেকে এক বছর সময় পেতেন, কিন্তু এবার দুই মাসেরও কম সময় দেওয়া হয়েছে। তারা এই সিদ্ধান্তকে অযৌক্তিক মনে করছেন এবং পিএসসি চেয়ারম্যানের পদত্যাগও দাবি করেছেন।
এদিন দুপুরে জাতীয় শহীদ মিনার থেকে যমুনা অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা। পুলিশের বাঁধার মুখে তারা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের পর আন্দোলনকারীরা ২৬ নভেম্বর সকাল ১১টা পর্যন্ত লিখিত পরীক্ষা পেছানোর আলটিমেটাম দেন। এই সময়ের মধ্যে দাবির সমাধান না হলে তারা ব্লকেড কর্মসূচির হুঁশিয়ারি দেন।
পিএসসি জানায়, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর থেকে শুরু হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কারিগরি বা পেশাগত ক্যাডারের লিখিত পরীক্ষা ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে।

