বিদেশে পালিয়ে থেকে যারা নির্বাচন বানচালের হুমকি দিচ্ছে, তাদের কঠোর ভাষায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “যাদের সত্যিই সাহস আছে, তারা দেশের ভেতরে এসে কথা বলুক। বিদেশে পালিয়ে থেকে হুমকি দিলে তার কোনো মূল্য নেই।”
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ায় বায়তুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ট্রেনিং সেন্টারে নবীন সৈনিকদের সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “যারা দেশ ছেড়ে পালিয়ে আছে, তারা অন্য দেশে বসে নানা ধরনের কথা বলতেই পারে। কিন্তু আইনের মুখোমুখি হওয়ার সাহস থাকলে তাদের দেশে ফিরে আসতে হবে। বিদেশে থেকে দেওয়া বক্তব্য দেশের জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।”
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, বর্তমানে সীমান্তের একটি বড় অংশ আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকায় নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। তবে এ বিষয়ে মিয়ানমার সরকারের সঙ্গে বাংলাদেশের নিয়মিত যোগাযোগ রয়েছে। সীমান্তে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে কূটনৈতিকভাবে প্রতিবাদ জানানো হচ্ছে।
তিনি আরও জানান, সম্প্রতি মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে বাংলাদেশের এক শিশুর আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহত শিশুটিকে চিকিৎসার জন্য ইতোমধ্যে ঢাকায় পাঠানো হয়েছে। মাঝে মাঝে মিয়ানমারের সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষের সময় কিছু গোলা বাংলাদেশের ভূখণ্ডে এসে পড়ে, যা অত্যন্ত উদ্বেগজনক। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।
এর আগে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে বিজিবি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। দেশের ৬১টি জেলায় প্রায় ৩৭ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে।
তিনি আরও জানান, বিজিবির ইতিহাসে এবারই এক ব্যাচে সর্বোচ্চ সংখ্যক নবীন সৈনিক বাহিনীতে যুক্ত হয়েছেন। এ ব্যাচে মোট ৩ হাজার ২৩ জন নতুন সৈনিক যোগদান করেছেন, যার মধ্যে পুরুষ ২ হাজার ৯৫০ জন এবং নারী সদস্য রয়েছেন ৭৩ জন।

