বাংলাদেশ প্রিমিয়ার লিগ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ

সিলেটকে হারিয়ে ফের পয়েন্ট টেবিলের শীর্ষে চট্টগ্রাম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৬তম ম্যাচে সিলেট টাইটান্সকে ১৪ রানে হারিয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে চট্টগ্রাম রয়্যালস। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করে চট্টগ্রাম। জবাবে দুই বল হাতে রেখেই ১৮৪ রানে অলআউট হয় সিলেট।

বুধবার (৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক সিলেট টাইটান্স।

ব্যাট করতে নেমে চট্টগ্রামের উদ্বোধনী জুটি ভাঙে দলীয় ৩৫ রানে, নাইম শেখ ১৮ রান করে আউট হলে। এরপর মাহমুদুল হাসান জয়কে সঙ্গে নিয়ে অ্যাডাম রজিংটন ৬০ রানের জুটি গড়েন। টানা চতুর্থ হাফসেঞ্চুরির পথে এগোলেও অর্ধশত ছোঁয়া হয়নি রজিংটনের। জয়ও ফিফটি পাননি, তবে ২১ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলে দলের রানের গতি বাড়ান।

শেষদিকে মেহেদী হাসানের ১৩ বলে ৩৩ রানের ক্যামিও ইনিংসে ভর করে বড় সংগ্রহ পায় চট্টগ্রাম। সিলেটের হয়ে বল হাতে তিনটি উইকেট নেন রুয়েল মিয়া।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ইমনকে হারিয়ে চাপে পড়ে সিলেট। অপর ওপেনার তৌফিকও বড় ইনিংস খেলতে পারেননি। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে এক প্রান্ত ধরে রাখেন আফিফ হোসেন। ৪৬ রান করা এই ব্যাটার তানভিরের বলে আউট হন।

শেষদিকে আজমতউল্লাহ, ব্রুকস এবং মিরাজ-খালেদের চেষ্টা ব্যবধান কমালেও জয় অধরা থেকে যায় সিলেটের। চট্টগ্রামের পক্ষে আমির জামাল ৩৪ রান দিয়ে ৪টি উইকেট নেন। তানভির ও শরিফুল নেন দুটি করে উইকেট।

এই জয়ে চলতি আসরে চট্টগ্রাম রয়্যালসের চতুর্থ জয় নিশ্চিত হয়। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। সমান পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে থেকে রংপুর রাইডার্স রয়েছে দ্বিতীয় স্থানে। আর ৬ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে অবস্থান করছে সিলেট টাইটান্স।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *