ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বাংলাদেশে সম্প্রচার বন্ধ রাখতে দেশের টেলিভিশন চ্যানেলগুলোর প্রতি নির্দেশনা দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
সোমবার (৫ জানুয়ারি) টেলিভিশন চ্যানেলগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আসন্ন ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলে বাংলাদেশি তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে—এমন বিষয় সরকারের নজরে এসেছে। বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের পেছনে কোনো যৌক্তিক কারণ স্পষ্ট নয়। ফলে বিষয়টি বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।
এ অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব ম্যাচ ও সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার বন্ধ রাখার জন্য টেলিভিশন চ্যানেলগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে, মোস্তাফিজুর রহমানকে কেকেআর থেকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানান ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। ওই দিনই নিজের ফেসবুক পোস্টে তিনি আইপিএল সম্প্রচার বন্ধ রাখার বিষয়ে ব্যবস্থা নিতে তথ্য উপদেষ্টার প্রতি অনুরোধ জানান।

