নড়াইলের সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত চারজন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সিংগাশোলপুর ইউনিয়নের বড়কোলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লা ও সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে ভোরে খায়রুজ্জামান মোল্লার সমর্থকরা উজ্জ্বল শেখের পক্ষের লোকজনের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
এরপর উজ্জ্বল শেখের সমর্থকরাও পাল্টা হামলা চালালে উভয়পক্ষের আরও কয়েকজন আহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় বাবা-ছেলেসহ মোট চারজনের প্রাণহানি হয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

