ফরিদপুরে উদ্ধার হওয়া একটি শক্তিশালী বোমা রোববার (১১ জানুয়ারি) সকালে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) সফলভাবে নিষ্ক্রিয় করেছে। এটিইউ সূত্র জানায়, বোমাটি ছিল রিমোট কন্ট্রোল দ্বারা পরিচালিত একটি শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)।
সকাল প্রায় ১০টার দিকে ঢাকা থেকে আসা পুলিশের বিশেষ ইউনিট কুমার নদের পাড়ে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে বোমাটির নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের আগে আশপাশে জড়ো হওয়া উৎসুক জনতাকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়।
বিস্ফোরণের সময় প্রচণ্ড শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং বোমার বিভিন্ন অংশ ৪০ থেকে ৫০ ফুট পর্যন্ত উপরে উঠে যায়।
এর আগে শনিবার (১০ জানুয়ারি) সকালে ফরিদপুর শহরের আলীমুজ্জামান ব্রিজের দক্ষিণ পাশে একটি ব্যাগের ভেতরে থাকা বোমাটি যৌথবাহিনী উদ্ধার করে। উদ্ধারের পর বোমাটি নিরাপদ স্থানে সরিয়ে রাখা হয়।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশ পরিদর্শক শংকর কুমার ঘোষ জানান, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেই বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে। উদ্ধারকাজ শেষে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং পুরো বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

