একদলীয় বাকশাল শাসন দেশের মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, বিএনপি সেই ধরনের রাজনৈতিক দর্শনে বিশ্বাস করে না।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী জেলার পাঁচটি আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে তিনি শ্রদ্ধা জানান।
ড. মঈন খান বলেন, স্বাধীনতার পক্ষে ভূমিকা রেখেছে বিএনপি। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর হামলার সময় জিয়াউর রহমান প্রতিবাদের পতাকা উঁচু করেছিলেন। বিএনপি সেই আদর্শেই বিশ্বাসী এবং বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্রে আস্থা রাখে।
তিনি আরও বলেন, বিএনপি একটি উদারপন্থী রাজনৈতিক দল, যা সবার অংশগ্রহণে রাজনীতি করতে চায়। প্রতিহিংসার রাজনীতি নয়, বরং জনগণের শক্তিতেই বিএনপি বিশ্বাস করে।
ড. মঈন খান জানান, দলের চেয়ারম্যান তারেক রহমানও গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। জুলাই বিপ্লবের ধারাবাহিকতায় দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, এই গণতন্ত্র ও দেশের স্বাধীনতা রক্ষায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

