আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের ভূমিকা নিয়ে শঙ্কা: পাতানো নির্বাচনের আশঙ্কা জামায়াতের
আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ‘ঝুঁকে’ পড়েছে এবং প্রশাসন যেভাবে ‘আনুগত্য’ প্রদর্শন করছে, তাতে অতীতের মতো আরেকটি পাতানো নির্বাচনের শঙ্কা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, এ ধরনের পাতানো নির্বাচন দেশকে আবারও ধ্বংসের পথে ঠেলে দেবে।
বুধবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীতে জামায়াত আমিরের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও নির্বাচন কমিশনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নকে অবহিত করা হয়েছে যে, জামায়াতে ইসলামী আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা করে। তবে বাস্তবে প্রশাসন একটি দলকে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
জামায়াতের এই শীর্ষ নেতা আরও বলেন, তার দল ক্ষমতায় এলে সব রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় করে সরকার গঠন করা হবে।
এদিকে, এনসিপিকে ১০টি আসন ছেড়ে দেওয়ার গুঞ্জনকে ‘কাল্পনিক’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি। একই সঙ্গে জানান, জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতা প্রক্রিয়া শিগগিরই চূড়ান্ত হবে।
