ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ধারা ১৪৪ জারি করা হয়েছে। ইসলামাবাদে এই নিষেধাজ্ঞা দুই মাস বহাল থাকবে, আর রাওয়ালপিন্ডিতে সোমবার থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের জনসমাগম ও অস্ত্র প্রদর্শন নিষিদ্ধ থাকবে। দেশটির সংবাদমাধ্যম ডন নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ধারা ১৪৪ অনুযায়ী যেকোনো ধরনের সভা, সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে হাইকোর্ট এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তাও দিয়েছে প্রশাসন।
গত সপ্তাহে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাতের দাবিতে মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের সামনে বিক্ষোভের ডাক দেয় দলটি। প্রায় এক সপ্তাহ ধরে পাকিস্তানের আদিয়ালা কারাগারে সলিটারি কনফাইনমেন্টে রাখা হয়েছে ইমরান খানকে; তাকে পরিবার, চিকিৎসক বা আইনজীবীদের সঙ্গে দেখা করার সুযোগও দেওয়া হচ্ছে না।
ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, ধারা ১৪৪ ভঙ্গ করে কেউ গণজমায়েত বা সমাবেশ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

