ওয়ার্নার ব্রোস শুক্রবার (৫ ডিসেম্বর) জানিয়েছে, তারা তাদের স্টুডিও ও স্ট্রিমিং রাইটস নেটফ্লিক্সের কাছে ৮২.৭ বিলিয়ন ডলারের চুক্তিতে বিক্রি করতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের অনুমোদন পেলেই এই চুক্তি কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছিল। চুক্তি সম্পন্ন হলে বিশ্বের বৃহত্তম স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং ১০২ বছরের ঐতিহ্যবাহী চলচ্চিত্র স্টুডিও একই মালিকানার আওতায় চলে আসত। তবে এই মেগা চুক্তিতে ভেটো দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (৭ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসির এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, নেটফ্লিক্সের বাজার দখলের ক্ষমতা ইতোমধ্যে অত্যন্ত বড়। আর চুক্তি সম্পন্ন হলে তাদের মার্কেট শেয়ার আরও বৃদ্ধি পেতে পারে—যা তার মতে “সমস্যা” তৈরি করবে।
শুক্রবার হওয়া এই চুক্তিকে বিশ্লেষকেরা বিশ্বের সবচেয়ে বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মটির জন্য একটি বড় শক্তি অর্জনের সুযোগ হিসেবে দেখছিলেন।
ট্রাম্প জানান, চুক্তি অনুমোদন করা হবে কিনা—সে সিদ্ধান্তে তিনি ব্যক্তিগতভাবে ভূমিকা রাখবেন। যদিও নেটফ্লিক্সের বাজার-প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছেন, তবুও কোম্পানির সহ-প্রধান নির্বাহী টেড সারানডোসের প্রশংসা করেছেন তিনি। ট্রাম্পের ভাষায়, “আমি তাকে খুব সম্মান করি। তিনি সিনেমার ইতিহাসে সবচেয়ে সফল কাজগুলোর একটি করেছেন।”
উল্লেখ্য, চুক্তি চূড়ান্ত হওয়ার আগে টেড সারানডোস হোয়াইট হাউজে গিয়ে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বলে জানিয়েছে বিবিসি।

