আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (২৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বোটচওয়ের সঙ্গে বৈঠকে তিনি এ সমর্থনের আবেদন করেন।
প্রধান উপদেষ্টা নির্বাচনে কমনওয়েলথের আগ্রহের জন্য ধন্যবাদ জানান এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
শার্লি বোটচও বাংলাদেশে নির্বাচন ও নির্বাচনের পরবর্তী উত্তরণে কমনওয়েলথের পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। তিনি নিশ্চিত করেন যে, নির্বাচনের আগে বেশ কয়েকটি পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি চলছে।
বৈঠকে দুই পক্ষ যুব উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি, সামাজিক ব্যবসা সম্প্রসারণ, বেকারত্ব, কার্বন নিঃসরণ এবং বৈষম্য কমানোর লক্ষ্যে ‘থ্রি-জিরো ভিশন’ বাস্তবায়নের অগ্রগতি নিয়েও আলোচনা করেছেন।

