চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে সাময়িকভাবে বন্ধ থাকবে।
আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ যেসব আবেদনকারীর আবেদন জমা দেওয়ার জন্য নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদেরকে পরবর্তীতে নতুন তারিখে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে।
উল্লেখ্য, গত সোমবার ঢাকার মার্কিন দূতাবাস বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের চলাফেরার বিষয়ে নিরাপত্তা সতর্কতা জারি করে। এতে আগামী দিনগুলোতে রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করে দেশটির নাগরিকদের জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।
এর মাত্র দুই দিনের মধ্যেই নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে আইভ্যাক বন্ধের ঘোষণা এলো।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক টানাপোড়নের মধ্য দিয়ে যাচ্ছে। এ অবস্থায় আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী ভারতে পালিয়ে গিয়ে অবস্থান করছেন। এদের মধ্যে আদালতের রায়ে দণ্ডিত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ঢাকা দিল্লির কাছে অনুরোধ জানালেও এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

