ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে এ ঘটনা ঘটে।
এনসিপির পক্ষ থেকে এই ঘটনায় ছাত্রদল পরিচয়ে একদল লোক ডিম ছুড়েছে বলে অভিযোগ করা হচ্ছে।
জানা গেছে, হাবিবুল্লাহ বাহার কলেজে একটি অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী সেখানে উপস্থিত হন। সেখানে শুরুতেই গেটে বাধার মুখে পড়েন এনসিপির এ নেতা। পরে অনেক ধস্তাধস্তি হয় সেখানে। সেই সাথে ডিম নিক্ষেপেরও ঘটনা ঘটে।
এর আগে, গত শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গণসংযোগে ডিম নিক্ষেপ করে অজ্ঞাত ব্যক্তিরা। ডিম নিক্ষেপের সেই ভিডিও তখন ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে।
তাতে দেখা যায়, ভবনের ওপর থেকে একাধিক ডিম নিক্ষেপ করা হয়। আরেকটি ভিডিওতে নোংরা পানিও ছুড়ে মারতে দেখা গেছে।

