রণবীর সিং অভিনীত হাইপার-ভায়োলেন্ট স্পাই–অ্যাকশন ছবি ‘ধুরন্ধর’ মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে। মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ছবিটির আয় পৌঁছেছে ১৫২ কোটি রুপিতে। এর মধ্যে রোববার ছিল সর্বোচ্চ সংগ্রহের দিন।
শনিবারের তুলনায় রোববার আয়ে ৩০ শতাংশ এবং প্রথম দিনের তুলনায় ৫৫ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে। দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া ও মুখে মুখে প্রশংসা—এই সাফল্যের মূল চালিকা শক্তি।
ভারতে রোববার ছবিটি করেছে ৪৩ কোটি রুপি নেট আয়, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। তিন দিনে দেশের বাজারে মোট আয় দাঁড়িয়েছে ১০৩ কোটি নেট (গ্রস ১২৩.৫০ কোটি)। ফলে প্রথম সপ্তাহান্তেই ‘ধুরন্ধর’ অনায়াসে পেরিয়ে গেছে ১০০ কোটির মাইলফলক।
আন্তর্জাতিক বাজারেও ছবির অবস্থান শক্তিশালী। রোববার ওভারসিজে আয় হয়েছে ১.২ মিলিয়ন ডলার, আর তিন দিনে মোট সংগ্রহ ৩.২ মিলিয়ন ডলার।
মাত্র তিন দিনেই ‘ধুরন্ধর’ ছাড়িয়ে গেছে বেশ কয়েকটি জনপ্রিয় অ্যাকশন ছবির আজীবন আয়ের রেকর্ড। ছবিটির ১৫২ কোটি রুপি গ্রস আয় ইতোমধ্যে পেছনে ফেলেছে বাঘি ৩ (১৩৭ কোটি), বিক্রম বেদা (১৩৫ কোটি) এবং জাত (১১০ কোটি)–এর লাইফটাইম সংগ্রহ।
বিশ্লেষকদের অনুমান, এ গতি বজায় থাকলে প্রথম সপ্তাহেই ছবিটির আয় ছুঁতে পারে ২৫০ কোটি রুপি।
আদিত্য ধর পরিচালিত এই স্পাই ড্রামাটি পাকিস্তানের লিয়ারি অঞ্চলের বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত। ছবিতে আরও অভিনয় করেছেন অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল ও আর মাধবন। ছবিটির দ্বিতীয় পর্ব মুক্তি পাওয়ার কথা ১৯ মার্চ ২০২৬।

