বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের মানুষ খালেদা জিয়াকে নেতৃত্বের আসনে দেখতে চায় এবং কোটি কোটি মানুষ তাকে গভীরভাবে ভালোবাসে।
বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য মহিলা দলের আয়োজনকৃত কোরআন খতম ও দোয়া মাহফিলে রিজভী এই কথা জানান।
রিজভী বলেন, নানা রোগ, শোক ও নির্যাতনের মধ্যেও বিএনপি চেয়ারপারসন দেশের প্রতি দায়িত্ব থেকে অবিচল রয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, কৃত্রিমভাবে শেখ হাসিনা সরকার তার অসুস্থতাকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করেছে। তবে এর ফলে খালেদা জিয়ার মনোবল বেড়ে গিয়েছে এবং তা নেতাকর্মীদেরও সাহস যোগিয়েছে।
তিনি বলেন, দেশের সম্পদ চুরি করে পালিয়ে গেছেন শেখ হাসিনা। উদাহরণ হিসেবে উল্লেখ করেন অগ্রণী ব্যাংকের ভল্টে পাওয়া কোটি কোটি টাকার স্বর্ণ। রিজভীর দাবি, চৌর্যবৃত্তির কারণে দেশ ছেড়ে পালাতে হয়েছে।
খালেদা জিয়ার প্রসঙ্গে রিজভী বলেন, একদিকে একজন সর্বস্ব দিয়ে দেশের মানুষকে ভালোবেসে দায়িত্ব পালন করেছেন, অন্যদিকে একজন দেশের সম্পদ লুটে পালিয়ে গেছেন।
রিজভী আশা প্রকাশ করেন, আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে এবং সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অন্তর্বর্তী সরকার দায়িত্ব সঠিকভাবে পালন করবে।

