ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চলমান দুর্নীতির মামলাগুলো থেকে অব্যাহতি পেতে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে ক্ষমা চেয়েছেন। এক ভিডিওবার্তায় তিনি জানান, মামলাগুলোর পুরো প্রক্রিয়া মোকাবেলায় তিনি প্রস্তুত ছিলেন, তবে জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।
প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, নেতানিয়াহুর আবেদনের বিষয়ে বিচার বিভাগীয় কর্মকর্তাদের মতামত নেওয়া হবে। গত পাঁচ বছর ধরে ঘুষ, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলায় তার বিরুদ্ধে বিচার চলছে—যদিও তিনি সব অভিযোগই অস্বীকার করে আসছেন।
এদিকে দেশটির বিরোধী নেতারা বলেছেন, ক্ষমা চাইতে হলে নেতানিয়াহুকে প্রথমে নিজের দোষ স্বীকার করতে হবে। তার ক্ষমাপ্রার্থনার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ইসরায়েলি নাগরিক। রোববার প্রেসিডেন্ট হারজগের ব্যক্তিগত বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নেন অসংখ্য মানুষ।

