কম্বোডিয়ার সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সীমান্তবর্তী এলাকায় এক হাজারের বেশি স্কুল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে থাইল্যান্ড সরকার।
শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার কম্বোডিয়া সীমান্তসংলগ্ন সাতটি প্রদেশে ক্লাস স্থগিতের নির্দেশ দেয় দেশটির শিক্ষা মন্ত্রণালয়। এর ফলে মোট ১ হাজার ৬০টি স্কুল বন্ধ হয়ে যায়।
নতুন করে শুরু হওয়া সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বুরিরাম প্রদেশ, যেখানে শতাধিক স্কুল বন্ধ রাখতে হয়েছে। পরিস্থিতির কারণে শিশু ও কিশোরসহ বহু বাসিন্দা প্রাণ বাঁচাতে স্থানীয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।
উল্লেখ্য, যৌথ শান্তিচুক্তি কার্যকর হওয়ার মাত্র দুই মাসের মাথায় গত ৭ ডিসেম্বর আবারও সীমান্তে সংঘর্ষে জড়িয়ে পড়ে ব্যাংকক ও নমপেন।

