আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানান, ৫ আগস্টের পর পুরোপুরি নিখুঁত না হলেও সার্বিক পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকালে বিজিবি সদর দফতরে অনুষ্ঠিত নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়ায় অংশ নিয়ে সিইসি এই মন্তব্য করেন।
তিনি বলেন, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে এবং নির্বাচন উপলক্ষে অঞ্চলগুলোকে রেড, ইয়েলো ও গ্রিন জোন হিসেবে ভাগ করা হবে। পাশাপাশি পুলিশ, আনসার, বিজিবি এবং অন্যান্য বাহিনীর নিয়মিত প্রশিক্ষণ নির্বাচনকে আরও সুষ্ঠু ও নিরাপদ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সিইসি আরো আশ্বাস দেন যে জাতির কাছে নিরপেক্ষ ও সুন্দর একটি নির্বাচন উপহার দিয়ে নির্বাচন কমিশন তার প্রতিশ্রুতি পূরণ করবে।

