শাকিবের ‘প্রিন্স’ সিনেমার শুটিং শুরু
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নতুন প্রজেক্ট ‘প্রিন্স’। চলতি বছরের ঈদে মুক্তির লক্ষ্যে নির্মিত এই সিনেমার শুটিং ইতোমধ্যেই শুরু হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকায় শুরু হয় সিনেমাটির প্রথম ধাপের শুটিং। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা আবু হায়াত মাহমুদ। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে নির্মিত এই বিগ বাজেটের সিনেমাটি প্রযোজনা করছেন শিরিন সুলতানা।
তবে ভিসা জটিলতার কারণে কিছুটা অনিশ্চয়তায় পড়েছিল সিনেমার শুটিং পরিকল্পনা। এ কারণে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় শুটিং হওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। পরিচালক জানান, শুটিং ইউনিট কাজ শুরু করলেও শাকিব খান আগামী সপ্তাহ থেকে শুটিংয়ে অংশ নেবেন। বর্তমানে ঢাকায় চার দিনের একটি শিডিউল রাখা হয়েছে। এরপর পুরো ইউনিট শ্রীলঙ্কায় পাড়ি জমাবে, যেখানে সিনেমার বড় একটি অংশের দৃশ্যধারণ সম্পন্ন হবে।
এদিকে, শুরু থেকেই ‘প্রিন্স’ সিনেমাটি নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত ডন ‘কালা জাহাঙ্গীর’-এর জীবন অবলম্বনে নির্মিত—এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে এসব দাবি গুজব বলে স্পষ্টভাবে উড়িয়ে দিয়েছেন পরিচালক আবু হায়াত মাহমুদ।
সিনেমাটিতে নারী প্রধান চরিত্রে অভিনয় করছেন কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু এবং বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় দুই অভিনেত্রী তাসনিয়া ফারিণ ও সাবিলা নূর। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ ও শরীফ সিরাজসহ আরও অনেকে।

