ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা, আপিলে ইসির রায়
ঢাকা-৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১০ জানুয়ারি) ইসিতে করা আপিলের শুনানিতে তার পক্ষে রায় দেয় কমিশন। এর ফলে প্রাথমিক যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া মনোনয়ন ফিরে পান তিনি।

এর আগে, শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন তাসনিম জারার মনোনয়ন বাতিল ঘোষণা করে। সে সময় তিনি ইসিতে আপিল করার ঘোষণা দেন।
জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল নিষ্পত্তির প্রথম দিনেই নির্বাচন কমিশনের রায়ে তাসনিম জারা তার মনোনয়ন পুনরুদ্ধার করেন।
মনোনয়ন দাখিলের পূর্বে তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তিনি।
ফেসবুক পোস্টে তাসনিম জারা লেখেন,
“প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে মানুষের ও দেশের সেবা করার স্বপ্ন ছিল। তবে বাস্তব পরিস্থিতির কারণে কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আজ বিকেল ৫টা পর্যন্ত মোট ৭০ জন প্রার্থীর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। শুক্রবার পর্যন্ত ৭২৩ জন প্রার্থী প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেছিলেন। পরবর্তীতে ৭৮ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান। সব মিলিয়ে ৬৪৫ জন প্রার্থীর আপিল চূড়ান্ত হয়েছে।
ইসি জানিয়েছে, এসব আপিলের শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। এছাড়া ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। প্রতীক চূড়ান্ত হওয়ার পরই শুরু হবে নির্বাচনী প্রচারণা।
