নিরাপত্তার কারণে ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। আইসিসিও বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ না করে দিয়ে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করেছে স্কটল্যান্ডকে। এমন কাণ্ডে তোলপাড় বিশ্বক্রিকেট। এ ঘটনায় শুরু থেকেই বাংলাদেশের পক্ষ নিয়ে কথা বলছিল পাকিস্তান। এবার একই পথে হাঁটলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স।
সম্প্রতি ‘এবি ডি ভিলিয়ার্স ৩৬০’ নামে নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে তিনি কথা বলেছেন বাংলাদেশের বিশ্বকাপ না খেলার প্রসঙ্গে। তবে নির্দিষ্টভাবে আইসিসি বা বাংলাদেশ কারও পক্ষই নেননি এই সাবেক ক্রিকেটার। শুধু প্রকাশ করেছেন একরাশ হতাশা।
ডি ভিলিয়ার্সের কাছে একজন ভক্ত জানতে চান, বাংলাদেশের টি-টুয়েন্টি বিশ্বকাপে না খেলার বিষয়ে তার বক্তব্য কী?
জবাবে ডি ভিলিয়ার্স নিজের মত প্রকাশ করেন– আমি নিরপেক্ষ অবস্থানে থাকতে চাই। এটি রাজনৈতিক ও ব্যক্তিগত একটি বিষয়। আর আমার কাছে এ বিষয়ে পর্যাপ্ত তথ্য নেই। মন্তব্য করার মতো যথেষ্ট জ্ঞান আমার নেই। আমি শুধু এটুকুই জানি যে, এটি অত্যন্ত দুঃখজনক। পরিস্থিতি কখনোই এমন পর্যায়ে যাওয়া উচিত নয়, যেখানে দলগুলোকে টুর্নামেন্ট থেকে নিজেদের প্রত্যাহার করে নিতে হয়।
সাবেক প্রোটিয়া ক্রিকেটার আরও বলেন– ক্রিকেটের মধ্যে রাজনীতি যখন এতোটাই জড়িয়ে পড়ে যে পরিস্থিতি এই পর্যায়ে চলে আসে, তখন আমার খুব খারাপ লাগে।
প্রসঙ্গত, আগামী ৭ ফেব্রুয়ারি ভারতে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবার আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা। বাংলাদেশের জায়গায় গ্রুপ ‘সি’তে খেলবে স্কটল্যান্ড।

