টাঙ্গাইলে এক বৃদ্ধ দম্পতিকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে উপজেলার হাবলা ঘোষাখালি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মোতাহার সিকদার ওরফে ঠান্ডু মিয়া (৮৫) এবং তার স্ত্রী রেজিয়া বেগম (৬৫)।
স্বজনরা জানায়, দুই দিন আগে বোরো ধান আবাদে কাজ করার জন্য কয়েকজন দিনমজুর আনা হয়। তারা নিহত দম্পতির বাড়ির পাশের একটি কক্ষে অবস্থান করছিল। রাতে দিনমজুরদের অস্বাভাবিক চলাফেরা দেখে তার সন্দেহ হয়। পরদিন সকালে ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে প্রবেশ করলে দম্পতিকে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। এ সময় ঘরের আলমারি ও আসবাবপত্র এলোমেলো অবস্থায় ছিল।
পরে স্থানীয়দের সহায়তায় তাদের মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সখীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম মামুনুর রশিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বোরো আবাদে কাজ করতে আসা দিনমজুররাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে বলেও জানান তিনি।

