রাজবাড়ীতে তেলের টাকা চাইতে গিয়ে ফিলিং স্টেশনের কর্মী রিপন সাহাকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতেই রাজবাড়ী সদর থানায় নিহত রিপনের ছোট ভাই বাদী হয়ে এ মামলা করেন।
মামলায় জেলা যুবদলের সাবেক সভাপতি ও ঠিকাদার আবুল হাসেম সুজন এবং গাড়িচালক কামাল হোসেনকে আসামি করা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুজনকেই আটক করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।
এদিকে, শুক্রবার রাতেই ময়নাতদন্ত শেষে রিপন সাহার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে স্থানীয় শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।
জানা গেছে, শুক্রবার ভোরে গোয়ালন্দ মোড় এলাকার একটি ফিলিং স্টেশন থেকে তেল নেওয়ার পর আবুল হাসেম সুজনের কাছে তেলের টাকা চাইলে তিনি তা দিতে অস্বীকার করেন। এরপর গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রিপন সাহা বাধা দেন। এ সময় অভিযুক্তরা তাকে গাড়িচাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই রিপন সাহার মৃত্যু হয়।
এই নৃশংস ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

