ঝিনাইদহের কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ককটেল, দা ও লাঠি উদ্ধার করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাইকপাড়া গ্রামের একটি ব্রিজের নিচ থেকে এসব উদ্ধার করা হয়।
এসময় একটি ব্যাগে ২৪টি ককটেল, ৬টি লোহার তৈরি দা ও ১৮টি লাঠি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংস কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে এসব অস্ত্র মজুদ করা হয়েছিল।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় পাইকপাড়া গ্রামের মধু বিশ্বাসের চাতালের পশ্চিম পাশে ব্রিজের নিচে পরিত্যক্ত অবস্থায় ককটেল, দা ও লাঠি রাখা হয়েছে— এমন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

