বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা সহযোগিতা, প্রার্থনা ও শুভকামনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএনপির পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনীতিক এবং শুভানুধ্যায়ীদের উদ্বেগ-উৎকণ্ঠা, পাশাপাশি বাংলাদেশের মানুষের অগাধ ভালোবাসা ও দোয়া—এসবই তাদের পরিবারকে গভীরভাবে স্পর্শ করেছে।
তিনি আরও জানান, দেশবাসীর সম্মিলিত সমর্থনই তাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য সকলেই নিরন্তর প্রার্থনা করছেন। এই কঠিন সময়ে যারা ঐক্য, সহমর্মিতা ও সংহতির বার্তা নিয়ে পাশে দাঁড়িয়েছেন—তাদের প্রতি তিনি অসীম কৃতজ্ঞতা প্রকাশ করেন।
২৩ নভেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর খালেদা জিয়ার লিভারজনিত জটিলতা, কিডনির কর্মক্ষমতা হ্রাস, শ্বাসকষ্ট, ডায়াবেটিসসহ একাধিক সমস্যা আরো তীব্র হয়ে ওঠে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রথমে তাকে হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়। পরবর্তীতে রোববার ভোরে সেখানে অবস্থা গুরুতর হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

