সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, আগামী ১৯ জানুয়ারি সকাল ১১টায় শেরেবাংলা নগরে শহীদ জিয়াউর রহমানের সমাধিসৌধে দলের স্থায়ী কমিটির সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করবেন। এ সময় বিএনপির চেয়ারপারসন তারেক রহমান উপস্থিত থাকবেন। পাশাপাশি দিবসটি উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে এবং দেশের বিভিন্ন জেলা ও মহানগরে সুবিধাজনক সময়ে দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
রুহুল কবির রিজভী আরও জানান, জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি-সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আলাদা কর্মসূচি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ওই দিন একটি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে, যেখানে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হবে।
এছাড়া, কর্মসূচির দ্বিতীয় দিনে অর্থাৎ ২০ জানুয়ারি সকাল ১১টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোম্যাটস মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বুদ্ধিজীবীরা বক্তব্য রাখবেন।
তিনি আরও জানান, দিবসটি উপলক্ষে ইতোমধ্যে পোস্টার প্রকাশ করা হয়েছে এবং ১৯ জানুয়ারি দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

