জনশক্তি রফতানির ক্ষেত্রে বড় বাধা দালালদের প্রতারণা: প্রধান উপদেষ্টা

জনশক্তি রফতানির ক্ষেত্রে বড় বাধা দালালদের প্রতারণা: প্রধান উপদেষ্টা

বিদেশে জনশক্তি রফতানির পথে দালালদের প্রতারণা একটি বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বিদেশগামী কর্মীদের দালালচক্রের হাত থেকে রক্ষা করার জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, দালালদের প্রভাব থেকে মুক্ত না হওয়া পর্যন্ত কোনো উদ্যোগই সঠিকভাবে বাস্তবায়ন সম্ভব নয়। তাঁর মতে, পুরো বিশ্বই এক ধরনের দালালনির্ভর ব্যবস্থার মধ্যে রয়েছে, যেখানে সরকার অনেকটাই দূরে অবস্থান করছে এবং এর ভেতরে প্রবেশ করার সক্ষমতা সরকারের নেই।

তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে অভিযোগ এসেছে যে বাংলাদেশ থেকে যাওয়া অভিবাসনপ্রার্থীদের কাগজপত্র বৈধ নয়, অধিকাংশই ভুয়া। এর ফলে অনেক দেশ বাংলাদেশ থেকে শ্রমিক গ্রহণ বন্ধ করে দিয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, যেমন কিছু দেশ তেলের খনি পেয়ে উন্নত হয়ে ওঠে, তেমনি বাংলাদেশ তারুণ্যের খনিতে সমৃদ্ধ। বর্তমান বিশ্বে তরুণ জনগোষ্ঠীর ঘাটতি রয়েছে, অথচ আমাদের দেশে বিপুল তরুণ জনশক্তি রয়েছে, যা সোনার চেয়েও মূল্যবান। এই সম্পদকে অবহেলা করে ফেলে রাখা যাবে না, বরং যথাযথভাবে কাজে লাগাতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এত বিপুল তরুণ জনশক্তির কারণে একদিন সারা বিশ্বকেই বাংলাদেশের দিকে তাকাতে হবে, কারণ এমন সম্পদ আর কোথাও নেই।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *