চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যা মামলার আসামি মিজান ও তার সহযোগী মামুনকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল রোববার (২৬ জানুয়ারি) নগরীর খুলশী থানাধীন ইস্পাহানি মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় মিজানকে।
পরে আজ সোমবার বায়েজিদ বোস্তামীর বগুড়া নিবাস এলাকা থেকে গ্রেফতার হয় মিজানের সহযোগী মো. মামুন। তাদেরকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে গেলে র্যাব-৭-এর সদস্যদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় র্যাব-৭-এর উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন। গুরুতর আহত হন ৩ র্যাব সদস্য। ঘটনার দুই দিন পর ২১ জানুয়ারি ২৯ জনের নাম উল্লেখ ও ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করে র্যাব।

