গ্রিসে অভিবাসীদের বহনকারী নৌযান থেকে ১৭ মরদেহ উদ্ধার

গ্রিসে অভিবাসীদের বহনকারী নৌযান থেকে ১৭ মরদেহ উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে একটি নৌকা থেকে অন্তত ১৭ জন অভিবাসী ও আশ্রয়প্রার্থীর মরদেহ উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।

গত শনিবার (৬ ডিসেম্বর) ক্রিটের দক্ষিণ-পশ্চিমে প্রায় ২৬ নটিক্যাল মাইল (৪৮ কিলোমিটার) দূরে মরদেহগুলো ও দু’জন জীবিত ব্যক্তিকে পাওয়া যায়। গ্রিক কোস্টগার্ডের এক নারী মুখপাত্র এএফপিকে জানান, উদ্ধার করা সব মৃত ব্যক্তিই পুরুষ।

তিনি আরও জানান, “দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নৌকাটি ডুবে যাওয়ার কারণ এখনো পরিষ্কার নয়।”

অ্যাথেন্স নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, গ্রিসের রাষ্ট্রীয় টেলিভিশন ইআরটি জানায় যে নৌযানটির ভেতর থেকেই মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

গত এক বছরে লিবিয়া থেকে ইউরোপে পৌঁছানোর নতুন রুট হিসেবে অভিবাসীরা ক্রিট দ্বীপকে ব্যবহার করতে শুরু করেছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, এ বছর এখন পর্যন্ত ১৬,৭৭০ জন আশ্রয়প্রার্থী দ্বীপটিতে পৌঁছেছে।

এ পরিস্থিতিতে গত জুলাইয়ে প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের নেতৃত্বাধীন গ্রিসের রক্ষণশীল সরকার অভিবাসীদের আশ্রয় শুনানি স্থগিত করে, বিশেষ করে লিবিয়া থেকে ক্রিটে আসা ব্যক্তিদের ক্ষেত্রে।

২০১১ সালে ন্যাটো-সমর্থিত বিদ্রোহে দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত ও নিহত হওয়ার পর থেকেই লিবিয়া ধারাবাহিক অস্থিরতার মধ্যে রয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *