অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে গোলের উৎসব করে সুপার কাপের ফাইনালে উঠেছে বার্সেলোনা। সৌদি আরবের জেদ্দায় বুধবার রাতে অনুষ্ঠিত সেমিফাইনালে রাফিনিয়ার জোড়া গোলে ৫-০ ব্যবধানের দাপুটে জয় তুলে নেয় হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কাতালানরা। একের পর এক আক্রমণে বিলবাওয়ের রক্ষণভাগ চাপে পড়ে যায় এবং দ্রুতই তার ফল পায় বার্সা। ম্যাচের ২১ মিনিটে ফেরান তরেস গোলের সূচনা করেন। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লোপেস। এর চার মিনিট পরই বার্দগির গোলে স্কোরলাইন আরও বড় হয়। বিরতির ঠিক আগে রাফিনিয়ার দুর্দান্ত গোল বার্সেলোনাকে ৪-০ ব্যবধানে এগিয়ে দেয়।
৪-০ গোলে পিছিয়ে পড়ার পরও অ্যাথলেটিক বিলবাওয়ের একমাত্র উল্লেখযোগ্য সুযোগটি আসে একটি শট পোস্টে লেগে ফিরে আসার মাধ্যমে। দ্বিতীয়ার্ধেও মাঠে আধিপত্য বজায় রাখে বার্সেলোনা। ৫২ মিনিটে বক্সের ভেতর থেকে শক্তিশালী শটে নিজের দ্বিতীয় গোলটি করেন রাফিনিয়া। এরপর দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও আর কোনো গোল হয়নি।
শেষ পর্যন্ত বড় ব্যবধানের জয়ে সুপার কাপের ফাইনালে জায়গা করে নেয় হ্যান্সি ফ্লিকের দল।

