গণহত্যা বা মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত কোনো শাসক এখন পর্যন্ত ক্ষমতায় ফিরে আসার উদাহরণ ইতিহাসে নেই। নথি অনুযায়ী, আজ পর্যন্ত অন্তত ৪৮ জন রাষ্ট্র ও সরকারপ্রধান মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন—যাদের বিরুদ্ধে ছিল স্বৈরাচারী শাসন, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের অভিযোগ।
তবে এদের সবার ক্ষেত্রে রায় কার্যকর হয়নি। বিভিন্ন পরিস্থিতিতে ৩৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বাকিদের কেউ রায় ঘোষণার আগেই দেশত্যাগ করেছেন, আবার কারও শাস্তি আপিলে কমে গেছে।
সম্প্রতি আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে দলের সমর্থকদের মধ্যে আশা দেখা যাচ্ছে—তাদের নেতা হয়তো ফিরবেন এবং ফিরে বিরোধীদের কঠোরভাবে প্রতিহত করবেন।
কিন্তু অনেক সমর্থকই হয়তো ইতিহাস জানেন না বলেই মনে করছেন, শেখ হাসিনা যে কোনো মুহূর্তে হঠাৎ করেই দেশে ফিরে আসতে পারেন।
তাহলে প্রশ্ন দাঁড়ায়—স্বৈরশাসক এরশাদের মতো রাজনীতিতে টিকে থাকতে পারলে, শেখ হাসিনার ভবিষ্যৎ কী?
বাংলাদেশের ইতিহাসে গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানোর নজির আছে দুই নেতার—হুসেইন মুহম্মদ এরশাদ ও শেখ হাসিনা। পতনের পর এরশাদ ও তার দল জাতীয় পার্টিকে আবারও রাজনীতিতে সক্রিয় থাকতে দেখা গেছে; এমনকি ক্ষমতার অংশীদারও হয়েছে দলটি। তবে তাদের নানা রাজনৈতিক ভূমিকাকে কেন্দ্র করে বিতর্ক সবসময়ই থেকে গেছে।

