বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। যদিও তিনি আগের তুলনায় কিছুটা স্থিতিশীল, তবু মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে কেবিনেই তার চিকিৎসা চলছে।
ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণ দেখা দেওয়ায় সোমবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরেই নানা জটিল রোগে ভুগছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়া নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন এবং তার ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণ ধরা পড়েছে। নিয়মিত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে। তিনি দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, এ বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে ১১৭ দিন চিকিৎসা শেষে ৬ মে তিনি দেশে ফিরেন।

