ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে ইসলামী ফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলোচিত ইসলামি বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরি।
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, তাহেরির মোট সম্পদের পরিমাণ প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। তার আয়ের প্রধান উৎস ব্যবসা, কৃষি ও ব্যাংক আমানতের সুদ। হলফনামায় তার ওপর নির্ভরশীলদের নামে কোনো সম্পদের তথ্য উল্লেখ করা হয়নি।
হলফনামায় দেখা যায়, তাহেরির পেশা ব্যবসা এবং তার স্ত্রী গৃহিণী। দম্পতির সব সম্পদ তাহেরির নিজের নামে। স্ত্রীর নামে কোনো স্থাবর বা অস্থাবর সম্পদ, এমনকি স্বর্ণালংকারও নেই। তবে তাহেরির নিজের নামে ৩১ ভরি স্বর্ণ রয়েছে।
আয়ের খাত হিসেবে তিনি উল্লেখ করেছেন—ব্যবসা, কৃষি ও ব্যাংক সুদ। কৃষি খাত থেকে তার বার্ষিক আয় ২৬ হাজার ৪০০ টাকা, ব্যবসা থেকে ৭ লাখ ৯১ হাজার টাকা এবং ব্যাংক সুদ থেকে ২২ হাজার ৮৯২ টাকা। অস্থাবর সম্পদের মধ্যে তার নগদ অর্থ রয়েছে ৪১ হাজার ২৮৬ টাকা, ব্যাংকে জমা আছে ৭ লাখ ৬৩ হাজার ৬০৬ টাকা। ৩১ ভরি স্বর্ণের মূল্য দেখানো হয়েছে ৬ লাখ টাকা এবং আসবাবপত্রের মূল্য ৫ লাখ টাকা।
স্থাবর সম্পত্তির হিসাবে তাহেরির নামে রয়েছে কৃষিজমি, যার ক্রয়মূল্য ১ কোটি ৩২ লাখ ৩৯ হাজার টাকা এবং বর্তমান বাজারমূল্য দেখানো হয়েছে ১ কোটি ৬০ লাখ ৩৯ হাজার টাকা। তবে তার স্ত্রী বা কোনো নির্ভরশীলের নামে কোনো ধরনের সম্পদ, গহনা, আসবাবপত্র কিংবা নগদ অর্থের উল্লেখ নেই।
তাহেরির বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ভাজরা গ্রামে। তবে হবিগঞ্জের মাধবপুরে তার শ্বশুরবাড়ি হওয়ায় তিনি ওই আসন থেকে প্রার্থী হয়েছেন। হলফনামা অনুযায়ী, তার বিরুদ্ধে মোট তিনটি মামলা রয়েছে, যেগুলো সবই চলমান এবং প্রতিটি মামলা দায়ের হয়েছে ২০২৪ সালের ৫ আগস্টের পর।

