কুষ্টিয়ার মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সাব রেজিস্ট্রার কার্যালয় ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (৯ মার্চ) সকালে অফিস খুলতে এসে বিষয়টি কর্মকর্তা-কর্মচারীদের নজরে আসে। এ ঘটনায় গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়েছে কি না তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দফতর কর্তৃপক্ষ।
পুলিশ ও সংশ্লিষ্ট অফিস সূত্র জানিয়েছে, রোববার দিবাগত রাতের কোনও এক সময় তিনটি দফতরে পর্যায়ক্রমে একযোগে এ চুরির ঘটনা ঘটে। দফতরগুলোর দরজার তালা ও জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে চোর চক্র। এসময় সংশ্লিষ্ট দফতরের আলমারিতে থাকা নথিপত্রের ফাইল এলোমেলো অবস্থায় ছিল। এতে কোনো গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়েছে কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা-কর্মচারীরা। আজ সকালে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন। কি কারণে এ ঘটনা তার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম জানিয়েছে, এ ঘটনার পর দফতর গুলোতে পরিদর্শন করেছি। থানায় লিখিত অভিযোগ দেওয়া হচ্ছে। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

